মণিরামপুরে পরিবেশ সুরক্ষায় বিআরডিবির চারা বিতরণ কর্মসূচি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মণিরামপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

বুধবার দুপুরে উপজেলা বিআরডিবি কার্যালয় প্রাঙ্গণে ইরেসপো প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল লক্ষ্য ছিল গ্রামীণ জনপদে টেকসই পরিবেশ সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা। প্রকল্পের উপকারভোগীদের মাঝে অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার। তিনি টেকসই সবুজায়নের ওপর গুরুত্বারোপ করে উপকারভোগীদের চারাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক বিএম কামরুজ্জামান, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুনছুরুর রহমানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। বক্তারা গ্রামীণ অর্থনীতি ও পরিবেশের সুরক্ষায় এ ধরনের সামাজিক বনায়ন কর্মসূচির প্রয়োজনীয়তা তুলে ধরেন।