৬৩১৪ দিনের দীর্ঘ প্রতীক্ষার অবসান: বীরের বেশে স্বদেশে ফিরলেন তারেক রহমান

0
১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখার পর দলীয় শীর্ষ নেতাদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারেক রহমান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার’ (ফ্লাইট নং বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সকাল ১০টায় প্রিয় নেতার বিমানটি দেশের আকাশসীমায় প্রবেশ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি দেয়। ঠিক সেই মুহূর্তে তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

বিমানবন্দরে প্রিয় নেতাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষস্থানীয় নেতারা। তারেক রহমানের আগমনে বিমানবন্দর এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

সংবর্ধনা শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তিনি দীর্ঘকাল চিকিৎসাধীন থাকা তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ড. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে স্বদেশের পথে উড়াল দিয়েছিলেন আগামীর এই রাষ্ট্রনায়ক।