৫০০ ইয়াবাসহ আটক আরো ২ : দেড় হাজার পিস ইয়াবাসহ আটক লিটন বিচারপতির ভাই পরিচয়ের প্রতারক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক মাহমুদুর রহমান লিটন উচ্চ আদালতের বিচারপতির ভাই পরিচয়দানকারী প্রতারক। গত মঙ্গলবার শহরের লোন অফিসপাড়ার একটি বাড়ি থেকে তাকে এবং তার স্ত্রীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। এছাড়া পুলিশ আলাদা অভিযান চালিয়ে আরো ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় দু জনকে আটক করা হয়েছে।
সংশিষ্ট সূত্র জানায়, মাহমুদুর রহমান লিটন সাতীরা সদর উপজেলার মোহনপুর গ্রামের মহাসিন সরদারের ছেলে। সে আনসার ও ভিডিপির একজন সদস্য। সম্প্রতি তিনি উচ্চ আদালতের একজন বিচারপতির ভাই এবং আইনমন্ত্রীর নিকটজন পরিচয়ে কোতয়ালি থানা পুলিশের কাছ থেকে সুবিধা আদায়ের চেষ্টা চালিয়েছিলো। কিন্তু পুলিশ তার প্রতারণা বুঝতে পেরে শহরের মণিহার আবাসিক হোটেল থেকে আটকও করেছিলো। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় প্রতারণা সংক্রান্ত মামলা হয়। এরপর তিনি জামিনে মুক্তিলাভের পর গত ২ জানুয়ারি যশোর শহরের লোন অফিসপাড়ার জনৈক ফারুক হোসেন বাবুর বাড়ি ভাড়া নেন। সাথে তার স্ত্রী আরিফিন আক্তার জুঁই ওরফে রুশা থাকতেন। পুলিশ জানায়, লোন অফিসপাড়ায় ঘর ভাড়া নিয়ে এই দম্পতি ইয়াবা ট্যাবলেটের ব্যবসা শুরু করেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রতারক মাহমুদুর রহমান লিটন ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে পুলিশের পৃথক অভিযানে ৫শ পিস ইয়াবাসহ আরো দু জন আটক হয়েছে। এরা হচ্ছে-সদর উপজেলার সুজলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে গোলাপ হোসেন ও শহরের শংকরপুর আশ্রম রোডের আব্দুল হকের ছেলে শাহাদৎ হোসেন নাটাই। পুলিশ জানায়, সদর ফাঁড়ির এটিএসআই ভোলানাথ দাস গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শহরে ধর্মতলার জনৈক রাসেল হোসেনের মুদি দোকানের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে গোলাপ হোসেনকে আটক করেন। পরে তার কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইদিন রাত সাড়ে সাতটার দিকে সদর ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম শহরের মণিহার এলাকার ক্যাফে জান্নাত হোটেলের সামনে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহাদৎ হোসেন নাটাইকে আটক করেন।