৪ বছর পর চুয়াডাঙ্গা-যশোর রুটে বাস চলাচল শুরু

0

লোকসমাজ ডেস্ক॥ দুই জেলার বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রায় চার বছর ধরে চুয়াডাঙ্গা-যশোর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকার পর তা চালু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে রুটটিতে সরাসরি বাস চলাচল শুরু হয়। কালীগঞ্জ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন তপন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঝিনাইদহের কালীগঞ্জ এবং চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত চার বছর ধরে এ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল। ফলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড থেকে বাস বদল করে নিজ নিজ গন্তব্যে যেতেন যাত্রীরা। এতে প্রতিনয়ত ভোগান্তি পোহাতে হতো।
জানা যায়, চুয়াডাঙ্গা-যশোর এবং যশোর-চুয়াডাঙ্গা রুটে শাপলা এক্সপ্রেস ব্যানারে চুয়াডাঙ্গা, ঝিনাইদহের কালীগঞ্জ এবং যশোর বাস মালিকদের প্রায় একশোর মতো বাস উক্ত রুটে কয়েক যুগ ধরে সরাসরি চলাচল করে। এর মধ্যে চুয়াডাঙ্গা-খুলনা রুটের বাসও রয়েছে। কিন্তু ২০২০ সালের ৬ ডিসেম্বর থেকে চুয়াডাঙ্গা-যশোর-খুলনা আন্তঃজেলা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাসগুলো চুয়াডাঙ্গা জেলার শেষ সীমানা জীবননগর উপজেলার হাসাদাহ পর্যন্ত চলাচল করতো।
যাত্রীদের দুর্ভোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও বাসমালিক সমিতির কর্তাদের একগুঁয়েমির কারণে সরাসরি বাস চালু হতে প্রায় চার বছর সময় লাগলো।
জীবননগর শাপলা পরিবহন মালিক সমিতির সভাপতি কাজী হাসানুজ্জামান বাবলু বলেন, এ রুটে সরাসরি বাস চলাচল আর বন্ধ হবে না, আমরা আশাবাদী।