২৭ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে জাহাজ পৌঁছালো চট্টগ্রাম বন্দরে

0
জ্বালানি সংকট কাটছে: এপ্রিলে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা দুইটার দিকে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের জাহাজটি বন্দরে নোঙর করে। ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের সরবরাহ করা এই জ্বালানি তেল আমদানির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বিপিসি সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের চাহিদা রয়েছে প্রায় চার লাখ টন। চাহিদা মেটাতে এ মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ১ লাখ ৬৫ হাজার থেকে ৬৮ হাজার টন ডিজেল আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। এছাড়া বর্তমানে দেশে প্রায় দেড় লাখ টন ডিজেল মজুত রয়েছে। নিয়মিত সরবরাহকারী চীনের কোম্পানি ইউনিপ্যাক থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ আগামী শনি বা রবিবারের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক আমদানি সূচি কিছুটা ব্যাহত হলেও বাংলাদেশে নির্ধারিত সূচি অনুযায়ী জাহাজ আসছে। ফলে চলতি মাসে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট হওয়ার আশঙ্কা নেই। উল্লেখ্য, স্বাভাবিক সময়ে প্রতি মাসে তেল নিয়ে ১৫ থেকে ১৬টি জাহাজ দেশে আসে।