১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

0
আগামী ১১ জুলাইয়ের মধ্যে সব বেসরকারি হাসপাতালে লেবার রুম স্থাপনের আলটিমেটাম স্বাস্থ্যমন্ত্রীর ।। ফাইল ছবি : সংগৃহীত

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে নরমাল ডেলিভারির জন্য আগামী শনিবারের (১১ জুলাই) মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ সোমবার রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই কড়া নির্দেশনা দেন। তিনি বলেন, দেশের প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত লেবার রুম থাকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না।

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত দুই মাস ধরে উপজেলাপর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মশার লার্ভা নিয়ন্ত্রণে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও মোবাইল সেবার ব্যবস্থা করা হয়েছে এবং কিছুদিন স্যালাইনের ঘাটতি থাকলেও বর্তমানে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

তিনি চিকিৎসকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, জ্বর কমে গেলেও চিকিৎসক পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাবে না। বিশেষ করে প্লাজমা লিকেজের সম্ভাবনা আছে কিনা, সে বিষয়ে চিকিৎসকদের কড়া নজরদারি রাখতে হবে। মন্ত্রী দাবি করেন, গত বছরের তুলনায় বর্তমানে দেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে। একই সঙ্গে সরকার হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে সফল হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, শীঘ্রই স্বাস্থ্যখাতে এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। যার মধ্যে ৮০ হাজারই হবেন নারী এবং তাদের অধিকাংশকেই মিডওয়াইফারি কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে।