১০৯ বছরের বৃদ্ধের আত্মহত্যা

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় গলায় রশি দিয়ে সমশের আলী সর্দার (১০৯) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের মুকন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বৃদ্ধ সমশের আলীর ছোট ছেলে বজলুর রহমান বলেন, আমার পিতার বয়স ১০৯ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিশেষ করে এজমা ও হাঁপানি রোগ ছিলো। ঘটনার দিন রাতে তার প্রচন্ড হাঁপানি বাড়ে। সারারাত আমরা তার জন্যে ছোটাছুটি করে ডাক্তার নিয়ে আসি। ভোরের দিকে কিছুটা কম হলে আমরা সবাই ঘুমাতে যাই। এ সময় তিনি নিজে রান্না ঘরের আড়ার সাথে গলায় রশি দেন। পরে সকালে উঠে তাকে ঝুলে থাকতে দেখে আমরা চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আব্বার মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য সুমন মিয়া বলেন, খবর পেয়ে আমি তাদের বাড়িতে যাই। পরে থানা পুলিশে খবর দেয়া হয়। পরিবারের দাবির মুখে মরদেহের দাফনের অনুমতি দেয় পুলিশ। বিকেলে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিষয়টির নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।