হয়রানির অভিযোগে বাঘারপাড়ার মানবতাবিরোধী অপরাধের মামলার ৬ সাক্ষীর সংবাদ সম্মেলন

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় সাক্ষীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলাকাবাসী জানান, বন্দবিলা প্রেমচারা গ্রামের কুখ্যাত সন্ত্রাসী তরিকুল আনোয়ার টুটুল একের পর এক হামলা-মামলাসহ নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে আসছে। সম্প্রতি তিনি একটি কাল্পনিক মামলায় এলাকার নিরীহ নিরপরাধ মানুষকে জড়িয়ে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার চক্রান্তে মরিয়া হয়ে উঠেছেন। এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুনর অর রশিদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৮ সালের ২৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমজাদ হোসেন মোল্লার বিরুদ্ধে মামলা গ্রহণ করে। এ মামলায় আমজাদ মোল্লার বিরুদ্ধে তার গ্রাম ও আশপাশের গ্রামের ছয় জন সাক্ষ্য দেন। এ কারণে আমজাদ মোল্লার পক্ষে বাঘারপাড়া চিহ্নিত চরমপন্থী সন্ত্রাসী তরিকুল আনোয়ার টুটুলের নেতৃত্বে সাক্ষী ও তাদের পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।
এসব ঘটনায় একাধিক মামলা করা হলেও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করেনি প্রশাসন। সর্বশেষ তরিকুল আনোয়ার টুটুল ভুয়া মামলায় ছয় সাক্ষীকে ফাঁসিয়ে হয়রানির চেষ্টা করেন। এ অবস্থায় সংবাদ সম্মেলনে ছয় সাক্ষীর সুরক্ষার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, তরিকুল আনোয়ার টুটুল যশোরের যে কয়জন শীর্ষ সন্ত্রাসী আছে তার মধ্যে অন্যতম। তার বিরুদ্ধে বাঘারপড়াসহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক হত্যা-ডাকাতির মামলা রয়েছে। ১৯৮৭ সালে খাজুরা এলাকার আলোচিত মনু মাস্টার হত্যাকা-ের অন্যতম হোতা টুটুল। এ ছাড়া তার বিরুদ্ধে খাজুরা এলাকার ভোজন ঘোষ, কালিপদসহ আরও বেশকিছু খুনের ঘটনা ঘটে। টুটুল বাহিনীর অত্যাচারে বন্দবিলা ইউনিয়নের অনেক হিন্দু পরিবার বাড়িঘর ফেলে চলে গেছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। বলা হয়, অথচ এমন একজন প্রতাপশালী চরমপন্থী প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকায় এখনও রামরাজত্ব চালিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে টুটুলের গ্রেফতার দাবি জানানো হয়।
এই বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেন, বাঘারপাড়ার প্রেমচারা এলাকায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশের ক্যাম্প রয়েছে। তারা সার্বক্ষণিক সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত নিয়েজিত রয়েছে।
তবে অভিযুক্ত আমজাদ মোল্লার পক্ষে বাঘারপাড়া চিহ্নিত সন্ত্রাসী তরিকুল আনোয়ার টুটুলের নাম্বারে কয়েকদফা যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন মোল্লা মামলার সাক্ষী আলাউদ্দিন বিশ্বাস, রুহুল আমিন, ইসহাক মোল্লা, আব্দুল হক মোল্লা, ওলিয়ার রহমান, খলিলুর রহমান খোকন বিশ্বাস, যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল ও ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সাধারণ সম্পাদক সাজেদ রহমান উপস্থিত ছিলেন।