হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৩ জনের

0
হামের উপসর্গ থাকায় চার বছরের শিশু মুসকানকে কুর্মিটোলা হাসপাতাল থেকে পাঠানো হয় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে। মায়ের কোলে হাসপাতালের বহির্বিভাগের সামনে ভর্তির অপেক্ষায়।। ছবি: প্রথম আলো

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু ৫০০ ছাড়িয়ে গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৫১২ শিশু হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে হাম ও হামের উপসর্গে ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হওয়া একটি শিশু মারা গেছে বরিশালে। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ঢাকায় চার, সিলেটে চার, চট্টগ্রামে দুই, বরিশালে এক এবং ময়মনসিংহে এক শিশুর।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪২৬ শিশু এবং হাম শনাক্তের পর মৃত্যু হয়েছে ৮৬ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে সারা দেশে ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।