হামে একদিনে আট শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮ — ঢাকায় সবচেয়ে বেশি আক্রান্ত

0
মার্চে শুরু হওয়া হামের প্রাদুর্ভাব এখনো থামেনি — একদিনেই আট শিশুর প্রাণ কেড়ে নিয়ে মোট মৃত্যু ৬২৮-এ পৌঁছেছে। ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৮–এ। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিসাবটি গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ের।

মোট ৬২৮ জনের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৩৬ শিশুর। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে সাতজনের হামের উপসর্গ ছিল এবং একজনের হামে মৃত্যু নিশ্চিত হয়েছে।

বিভাগওয়ারি হিসাবে, গত ২৪ ঘণ্টায় তিন শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯২ জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু। ভর্তি রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৪৬ জন ঢাকা বিভাগের, এরপরে রয়েছে চট্টগ্রাম (২২১) ও বরিশাল (১৩৪)। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৯৪ জন।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত সারা দেশে ৮০ হাজার ১০৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ২৩৭ জন। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৭৯ জনের এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছুটি পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।