হামের টিকা বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ: ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

0
হামের টিকা বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।। ফাইল ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাতীয় হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ার সঙ্গে তাঁর প্রত্যক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এই নোটিশ দেওয়া হয়।

রোববার (১৬ আগস্ট ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে বের করে প্রাইভেট বা বেসরকারি খাতে দেওয়ার মতো অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের সঙ্গে ড. ইউনূস জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এই মারাত্মক অনিয়মের বিষয়টি আমলে নিয়ে তিনি যেন দেশের বাইরে যেতে না পারেন, সে লক্ষ্যে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে দেশে হাম পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সারাদেশে আরও ১ হাজার ১০১ জন রোগী আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং হামের বিভিন্ন জটিল উপসর্গে মারা গেছেন ৮০৯ জন।