হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভৈরব নদে সেতু নির্মাণ অব্যাহত রাখার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভৈরব নদে যশোরাংশের ছাতিয়ানতলা-দাইতলা এলাকার সেতু নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ছাড়পত্র না নেওয়া এবং নীতিমালা লঙ্ঘন করার অভিযোগ এনে ভৈরব নদসহ পাঁচটি নদীতে নির্মাণাধীন আটটি সেতুর নির্মাণকাজ বন্ধের জন্য নদ সংস্কার আন্দোলনের পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। গত বছরের ১৮ ডিসেম্বর হাইকোর্ট এসব সেতু নির্মাণের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন।
আদেশ অনুযায়ী আগামী মার্চ মাস পর্যন্ত হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে বলে নদী সংস্থার আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর ‘বিআইডব্লিউটিএ-এর ছাড়পত্র না নিয়ে এবং নীতিমালা লঙ্ঘন করে যশোরের ভৈরব নদসহ পাঁচটি নদীতে অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ শুরু করে। কম উচ্চতায় এসব সেতু নির্মাণ করায় ২০২৩ সালে ২৪ জানুয়ারি ও ৫ এপ্রিল বিআইডব্লিউটিএ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে এ বিষয়ে আপত্তি জানিয়ে চিঠি দেয় এলজিইডি কর্তৃপক্ষ ও ঠিকাদার প্রতিষ্ঠানকে। বিআইডব্লিউটিএ- এর পক্ষ থেকে উচ্চতা নিয়ে আপত্তি জানানোর পরও তা আমলে না নিয়ে নির্মাণ কাজ অব্যাহত রাখে সংশ্লিষ্টরা।
এরই প্রেক্ষিতে সংক্ষুব্ধ হয়ে এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট সামছুল হক আবেদন করেন। আদালত এসব ব্রিজের নির্মাণ কাজ তিন মাসের জন্য স্থগিত রাখার আদেশসহ নির্ধারিত সময়ে মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য রুল জারি করে।
এ বিষয়ে হাইকোর্টে আবেদনকারী ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী চলতি বছরের মার্চ মাস পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকার কথা। অথচ আদেশের নির্ধারিত সময় পার না হতেই ভৈরবের যশোরাংশের ছাতিয়ানতলা-দাইতলা এলাকার সেতু নির্মাণ চলমান রয়েছে। এ বিষয়ে উচ্চ আদালতের আদেশ অমান্য করা হচ্ছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে খুব দ্রুত হাইকোর্টের শরনাপন্ন হবেন বলে তিনি জানান।
এ বিষয়ে এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, উচ্চ আদালতের রুলের জবাবের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে এলজিইডির সদর দপ্তরের আইনজীবীর কাছে চিঠি লেখা হয়েছে। খুব দ্রুত সময়ে এ বিষয়ে হাইকোর্টে লিখিত জবাব দেওয়া হবে বলে তিনি জানান। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে নির্মাণ কাজ চলমান আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। তবে আমার জানামতে সেখানে কোনো নির্মাণ কাজ চলছে না।