হরিণাকুন্ডুতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকরা হলো, উপজেলার আহাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর (৩০), একই গ্রামের আনার মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও শহরতলির জোড়াপুকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা (১৮)। শনিবার (৩ জুন) ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী ওই কিশোরীর বড় বোন থানায় ধর্ষণ মামলা করেন। হরিণাকুন্ডু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, ৩১ মে রাতে ওই কিশোরীকে সংগবদ্ধ ধর্ষণ করা হয়। আসামি শিলনের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন শিলন ফুঁসলিয়ে তাঁকে একটি পাটক্ষেতে ডেকে নিয়ে তিন বন্ধু মিলে ধর্ষণ করে বলে পুলিশ জানতে পেরেছে। ভুক্তভোগী কিশোরীর পিতা জানান, ঘটনার পর আসামিরা তাঁর মেয়েকে শহরতলির আমেরচারা নামে একটি এলাকায় ফেলে রেখে যায়। সে ভোরে বাড়ি ফিরে বিষয়টি তার বড় বোনকে জানায়। থানার ওসি আবু আজিফ বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।