হরিণাকুণ্ডুতে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি অস্ত্র ও গুলিসহ আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাবেক সেনা সদস্য কামরুজ্জামান শামিম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসী আবু সাইদকে দুটি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ভোরে হরিণাকুণ্ডু শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু সাইদ পারদখলপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে। শনিবার বিকেলে ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩ নভেম্বর রাতে মসজিদে এশার নামাজ পড়ে হরিণাকুণ্ডু উপজেলার শুড়া গ্রামের খালের পাড় ধরে কামরুজ্জামান শামিম বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর গ্রামে বাশেঁর সাঁকোর নিচে শামীম হোসেনের লাশ পাওয়া যায়। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী ২৪ নভেম্বর হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।
র‌্যাবের আভিযানিক দল গত শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হরিণাকু-ুু শহরে কতিপয় সন্ত্রাসী অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে। শনিবার ভোরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে আবু সাইদ দুটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ আটক হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাইদ জানায়, সে আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এছাড়া সে সাবেক সেনা সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুজ্জামান শামীম হত্যাকা-ের সঙ্গে জড়িত। শামিম হত্যার পর এতোদিন মামলাটি মোটিভ ও ক্লু লেস অবস্থায় ছিল বলে র‌্যাব জানায়।