হরিণাকুণ্ডতে দুই স্কুলছাত্রী ২৩দিন ধরে নিখোঁজ, সম্পর্কে খালা-ভাগ্নি

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের হরিনাকুন্ডুতে ৭ম ও ৯ম শ্রেণির দুই কিশোরী নিখোঁজ হয়েছে। তারা ২৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। তারা সম্পর্কে খালা ভাগ্নি। নিখোঁজের পরদিনই থানায় জিডি করা হলেও অদ্যাবধি পুলিশ কোনো কূল কিনারা করতে পারেনি। স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে তারা আর ফেরেনি। এ নিয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েছে।
জিডি সূত্রে জানা গেছে, হরিনাকুন্ডু উপজেলার দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও বাসুদেবপুর গ্রামের শাহিন লস্কারের মেয়ে ভাবনা ইয়াসমিন শান্তা এবং একই গ্রামের সপ্তম শেণির ছাত্রী মতিয়ার রহমানের মেয়ে কাকলী ওরফে রুপালী গত ১০ মে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তারা সম্পর্কে উভয়ে খালা ও ভাগ্নি। তাদের বয়স ১৪ বছর। নিখোঁজের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করে দুজনকে না পেয়ে গত ১১ মে হরিনাকুন্ডু থানায় দুটি জিডি করেন। তারা পালিয়ে কারো সঙ্গে চলে গেছেন না কেউ অপহরণ করেছে তা নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ কাকলীর পিতা মতিয়ার রহমান জানান, তার মেয়ের বয়স ১৪ এবং গায়ের রং ফর্সা। উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় লাল খয়েরি বোরকা ও কালো রংয়ের হিজাব মাথায় ছিল। ভাবনা ইয়াসমিনের পিতা শাহির লস্কার জানান, তার মেয়ের উচ্চতা হবে ৫ ফুট ৩ ইঞ্চি। তার পরনে লাল খয়েরি বোরকা ও কালো রংয়ের হিজাব মাথায় ছিল। এদিকে সপ্তম ও নবম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের খালা এবং ভাগ্নি উধাওয়ের ঘটনায় এলাকা জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পরিবারে নেমে এসেছে চরম হতাশা।
এবিষয়ে জিডি তদন্তে দায়িত্বে থাকা হরিণাকুন্ডুর এসআই হুমায়ন কবীর বলেন, তারা কৌশলে মোবাইল থেকে সব কিছু ডিলিট করে মোবাইল বাড়িতে রেখে নিখোঁজ হয়েছে। তাদের সাথে একই গ্রামের দুইটি ছেলের সম্পর্ক ছিল বলে শুনেছি। ওই ছেলেদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তাদের সঙ্গে ব্রেকআপ হয়েছে। ছেলে দুটি বাড়িতেই রয়েছে। ঘটনার সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে তন্ন তন্ন করেও তাদের হদিস পাচ্ছে না বলে তিনি জানান।
হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে পুলিশ নিবিড়ভাবে তদন্ত চালাচ্ছে। আশা করা যায় দ্রুতই সমাধান হবে।