হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, ফি সাড়ে তিন লাখ টাকা

0
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের তারিখ ও নিয়মকানুন প্রকাশ করেছে। আগামী ২৭ জুলাই থেকে এই নিবন্ধনের সুযোগ পাবেন হজে গমনেচ্ছুরা, যা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।। ফাইল ছবি: সংগৃহীত
সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময়সূচি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ২৭ জুলাই থেকে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম।

নিবন্ধন প্রক্রিয়ার প্রথম ধাপে আগ্রহীদের ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে। এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিলে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হবে। যাদের প্রাথমিক নিবন্ধন শেষ হবে, তাদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।

অনলাইনে ঘরে বসেই ই-হজ পোর্টালে অ্যাকাউন্ট খুলে এই আবেদন করা যাবে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও বিভাগীয় কার্যালয়, মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিসে সরাসরি গিয়ে নিবন্ধনের সুবিধা থাকবে।

সরকারি মাধ্যমের হজযাত্রীরা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দেবেন। আর বেসরকারি মাধ্যমের ক্ষেত্রে এজেন্সির অনুমোদিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে, যার তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।

তবে এবার বেশ কিছু শারীরিক শর্ত স্পষ্ট করে দেওয়া হয়েছে। ১৫ বছরের কম বয়সী কেউ ২০২৭ সালের হজে অংশ নিতে পারবে না। পাশাপাশি হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির মারাত্মক ব্যাধি, মানসিক সমস্যা এবং ক্যান্সারে আক্রান্তরা নিবন্ধনের সুযোগ পাবেন না। যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারের মতো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা নারীরা (শেষ দুই মাস বা ঝুঁকিপূর্ণ অবস্থায়) হজের ফিটনেস সনদ পাবেন না।

হজে গমনেচ্ছু প্রত্যেকের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।