সড়ক থেকে ফিটনেসবিহীন ও পরিবেশদূষণকারী যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

0
রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন ও পরিবেশদূষণকারী যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালু করারও নির্দেশ দেন তিনি।

আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। সভায় ঢাকা মহানগরীর বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে, ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় বৈঠকে। এ সময় পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

বৈঠকে রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন শনাক্তেও এই প্রযুক্তি যুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।