কিশোরীর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ইসকন মন্দিরের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চাঁচড়া আর বি কে রোডের শিপ্রা ঘোষ (১৭) নামে এক কিশোরীর আত্মহত্যার জন্য তার স্বজনেরা স্থানীয় ইসকন মন্দিরের অধ্যক্ষ অনুপম দাস ওরফে অপার গোবিন্দকে দায়ী করেছেন। এ জন্য স্বজনেরা শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে লাশ নিয়ে মানববন্ধন করেছেন।

মানববন্ধন থেকে অনুপম দাস ওরফে অপার গোবিন্দের বিচারের দাবি জানানো হয়েছে। পুলিশ বলছেন, এ ঘটনায় এখনো পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ পায়নি।

চাঁচড়া আর বি কে রোডের মৃত নিরোদ ঘোষের ছেলে পাপন ঘোষ জানান, শিপ্রা তার বোন। তার মা মিনা ঘোষ কিছুটা মানসিক ভারসাম্যহীন। গত শুক্রবার সকালে স্থানীয় ইসকন মন্দিরের অধ্যক্ষ অনুপম দাস ওরফে অপার গোবিন্দ তার মানসিক ভারসাম্যহীন মা মিনা ঘোষকে মারধর করেন।

এ ঘটনায় লজ্জায় তার বোন শিপ্রা ঘোষ বিকেলে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। তার বোনের আত্মহত্যায় প্ররোচণার জন্য মন্দির অধ্যক্ষ অনুপম ঘোষ ওরফে অপার ঘোষ দায়ী। এ জন্য তারা তার বিচার দাবি করছেন। তারা এ ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগও জানিয়েছেন।

এদিকে মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষেরাও শিপ্রা ঘোষের আত্মহত্যার জন্য ইসকন মন্দিরের অধ্যক্ষ অনুপম দাস ওরফে অপার গোবিন্দকে দায়ী করেছে। তারা তার শাস্তির দাবি জানিয়েছেন।

কোতয়ালি থানা পুলিশের ওসি কবির হোসেন জানান, শিপ্রা ঘোষের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। তবে এ মৃত্যুর জন্য কাউকে দায়ী করে স্বজনদের কেউ এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।