স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিবের যশোর হাসপাতাল পরিদর্শন

দ্রুত চালু হচ্ছে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) দ্রুতই পূর্ণাঙ্গভাবে চালু হতে যাচ্ছে। এজন্য জনবল নিয়োগের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়া হাসপাতালের আশপাশে আরেকটি ভবন এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি মাল্টিপারপাস বিল্ডিং নির্মাণ করা হবে।

শনিবার দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও করোনারি কেয়ার ইউনিট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব উন্নয়ন পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. মোস্তাফিজুর রহমান।

পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার সাবেক আহ্বায়ক রাশেদ খানকে দেখতে যান। যুগ্মসচিব রাশেদ খানের চিকিৎসার খোঁজখবর নেন, তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং যথাযথ সেবা প্রদানের জন্য চিকিৎসকদের নির্দেশ দেন।

এরপর তিনি ওয়ার্ডের অন্যান্য রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। রোগীরাও তাদের চিকিৎসাসেবা পাওয়ার বিষয়টি তুলে ধরেন।

পরে যুগ্মসচিব সিসিইউ ভবনের বিভিন্ন ওয়ার্ড ও চতুর্থ তলায় নির্মাণাধীন সরকারি আইসিইউ পরিদর্শন করেন এবং এগুলো দ্রুত কার্যকর করার নির্দেশ দেন। এ সময় তিনি নাম উল্লেখ না করে স্থানীয় জনপ্রতিনিধি ও জ্বালানি প্রতিমন্ত্রীর প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দেওয়া এই প্রকল্পটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

পরিদর্শনকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, ডা. হিমাদ্রি শেখর সরকার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আহসান কবির বাপ্পি, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাবিবা সিদ্দিকী ফোয়ারা এবং সিসিইউ কনসালটেন্ট ডা. মো. ফজলুল হক খালিদসহ অনেকে উপস্থিত ছিলেন।