স্বামীর কাছে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা 

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রী মিম খাতুন নামে এক নারীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার স্বামী পারভেজ। তিনি সদর উপজেলার আড়পাড়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। আসামি মিম খাতুন নড়াইলের লোহাগাড়া উপজেলার রামপুর গ্রামের আব্দুল শেখের মেয়ে।

পারভেজের অভিযোগ, ২০২২ সালের ১৫ জুলাই তিনি মিমকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি স্ত্রীকে স্বর্ণের চেইন, কানের দুল ও আংটি দেন। কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই শ্বশুরবাড়ি লোকজনকে গালমন্দ করতে শুরু করেন। সম্প্রতি মিমকে তার পিতা এসে তাদের বাড়িতে নিয়ে যান।

এরপর মিম শ্বশুরবাড়ি ফিরে আসতে অসম্মতি জানান। কিন্তু এরই মধ্যে ১৭ মে মিমসহ তার পরিবারের লোকজন পারভেজের বাড়িতে বেড়াতে আসেন। তখন মিম তার স্বামীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। পারভেজ তাকে যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় মিম তার সংসার করবেন না বলে জানিয়ে দেন।