স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক শাহীন সামাদকে যশোরে সম্মাননা

0

স্টাফ রিপোর্টার ॥ হেমন্তের সন্ধ্যায় যশোরে সংবর্ধিত হলেন দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক শাহীন সামাদ। গতকাল শনিবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে দেশের এই গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সংবর্ধনা দেয়া হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে শেকড় যশোর তাকে সংবর্ধনার দেয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম, পৌর কাউন্সিলর মোকসিমুল বারী অপু, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদা হুসাইন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, নারী নেত্রী অধ্যাপক হাবিবা শেফা প্রমুখ। সংবর্ধিত শাহীন সামাদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, যশোরের মানুষ আমাকে সে সম্মাননা দিল ও ভালোবাসা দেখালো সেটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তিনিও যশোরবাসীকে শুভেচ্ছা জানান। পরে তিনি গান শুনিয়ে সকলকে মুগ্ধ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু।