স্বাধীন গণমাধ্যমের নীতিমালা তৈরিতে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

0
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত
স্বাধীন ও মুক্ত গণমাধ্যম এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’-এর শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া শফিক রেহমান ও মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন সম্পাদক প্রতিনিধিদল।। ছবি: সংগৃহীত
প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং দৈনিক মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।বৈঠকে দেশের গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সুসংহত করা এবং প্রস্তাবিত নীতিমালা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানা গেছে।