ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত ও অঙ্গীকারনামা বাধ্যতামূলক

0
বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসার আবেদনে নির্ধারিত আন্ডারটেকিং ফর্ম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স॥ বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা ও ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে একটি নির্ধারিত ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা অঙ্গীকারনামা পূরণ করে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এই অঙ্গীকারনামা ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদনবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে আন্ডারটেকিং ফর্মটি সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর ফর্মটি স্ক্যান করে অনলাইন ভিসা আবেদন পোর্টালে (এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

হাইকমিশন জানিয়েছে, নির্ধারিত ফরম্যাটের বাইরে অন্য কোনো বিকল্প ফর্ম জমা দিলে তা গ্রহণ করা হবে না। ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়মশৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এক পাতার এই ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত পরিচিতিসংক্রান্ত তথ্য, ভারত সফরের নির্দিষ্ট উদ্দেশ্য এবং তিনটি মূল বিষয়ে অঙ্গীকার করতে হবে—যার মধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসা, ভারতের আইনকানুন মেনে চলা এবং কোনো বেআইনি কর্মকাণ্ডে না জড়ানো।

এসব শর্তের ব্যত্যয় ঘটলে ভিসা বাতিল কিংবা ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষরের নির্দেশনাও রয়েছে।