স্বপ্নের মেট্রোরেল চালু হবে কবে?

0

বিশেষ সংবাদদাতা॥ রাজধানীর উত্তরার বাসিন্দা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আনোয়ার হোসেন। বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় শাহবাগে বারডেম হাসপাতালে আত্মীয়কে দেখতে আসেন। রোগী দেখে শাহবাগ থেকে চড়েন বাসে। যানজটের কারণে অদূরে মিন্টু রোডের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছাতে তার লেগে যায় ৪৫ মিনিট। এসময় এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি জানান, হাসপাতালে ১০ তলার ওপর থেকে মেট্রোরেলের কাজ দেখছিলেন, আর ভাবছিলেন কবে থেকে চালু হবে স্বপ্নের মেট্রোরেল। তিনি বলেন, করোনা সংক্রমণ কমে আসার সঙ্গে সঙ্গে ঢাকায় আগের রূপ ফিরে এসেছে। বিভিন্ন সড়কে সকাল-দুপুর-বিকেল কিংবা রাত সবসময় যানজট লেগেই থাকে। প্রায় রাস্তায় মুমূর্ষু রোগীবহনকারী অ্যাম্বুলেন্সকে সাইরেন বাজাতে দেখা যায়। বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, পিকআপভ্যান ও রিকশাসহ নান যানবাহনে পরিপূর্ণ হওয়ায় অ্যাম্বুলেন্স সামনে এগোতে পারে না। মেট্রোরেল চালু হলে কিছুটা হলেও এ যানজট কমবে বলে তিনি মন্তব্য করেন। আনোয়ার হোসেনের মতো অসংখ্য নগরবাসীর প্রশ্ন- কবে থেকে চালু হবে স্বপ্নের মেট্রোরেল।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এরই মধ্যে এ রেল চলাচলের জন্য উড়ালপথের চার ভাগের তিন ভাগ কাজ শেষ হয়েছে। মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, চলতি বছরের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে। মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পথটি লাইন ৬ নামে পরিচিত। এ পথের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর মধ্যে ১৬টি স্টেশন থাকছে। লাইন ৬-এর আবার দুটি ভাগ। উত্তরা থেকে আগারগাঁও ও আগারগাঁও থেকে মতিঝিল।