স্কুলছাত্রী ধর্ষকের গ্রেফতার দাবিতে মানববন্ধন

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদরের ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকার স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার বিচার দাবিতে এলাকাবাসী আন্দোলনে নেমেছেন। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবিতে রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানবন্ধন করেছেন এলাকার কয়েক শ’ নারী-পুরুষ। সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার হামিদপুর গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী এ ঘটনার বিচার দাবি করেন।
মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী বলেন, হামিদপুরের স্কুলছাত্রীকে এলাকার লম্পট হিসেবে পরিচিত জাহাঙ্গীর শেখ ধর্ষণ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা করার পরও পুলিশ তাকে গ্রেফতার করছে না। বরং প্রকাশ্যে তিনি ধর্ষিতার পরিবারকে হুমকি দিয়ে আসছেন। এমনকি ধর্ষক জাহাঙ্গীরের ভাই মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছেন।
এ বিষয়ে থানা পুলিশকে জানালেও ধর্ষক জাহাঙ্গীর এলাকার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। যে কারণে ধর্ষিতার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এ অবস্থায় অনতিবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন এলাকাবাসী।মানববন্ধনে হামিদপুর এলাকার সাবেক মেম্বার শরিকুল ইসলাম শরিফ, সরোয়ার হোসেন মানিক মিয়া, সাব্বির হোসেনসহ আরো অনেকে অংশ নেন। মানববন্ধন শেষে এলাকাবাসী যশোরের জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেন।