দর্শনায় মাদকবিরোধী অভিযান : ইউপি সচিবসহ গ্রেফতার ৩

৩ বোতল ‘উইনসেরেক্স’ নামক মাদকদ্রব্য উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) বেলা পৌনে ৩টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন শাপলা ক্লিনিকের সামনের একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। এসময় কৌশলে পালিয়ে গেছে ওই চায়ের দোকানী।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের আব্দুল খালেকের ছেলে এবং নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব ফাহিম মুনতাছির (৩৫), একই এলাকার মরহুম আনোয়ার হোসেনের ছেলে সাব্বির আহমেদ সোহাগ (২৯) এবং দর্শনা পৌরসভার মোহাম্মদপুরের মরহুম আব্দুস সাত্তারের ছেলে সাগর হোসেন (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা ক্লিনিকের সামনে জনৈক মিজানুর রহমানের (৫০) চায়ের দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তিন আসামিকে আটক করা হলেও চায়ের দোকানী মিজানুর রহমান কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে উপস্থিত জনসাধারণের সামনে আটককৃতদের হেফাজত থেকে ৩ বোতল ‘উইনসেরেক্স’ (WINCEREX) নামক মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।