প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

0
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।। ছবি: সংগৃহীত

মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর বাজতে শুরু করেছে। ঢাক-কাঁসরের বাদ্যি, আরতি ও আরাধনা শেষে আজ বুধবার বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ছয় দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে। মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে ফিরে যাচ্ছেন কৈলাশে তাঁর স্বামীগৃহে।

উৎসবের পঞ্চম দিনে গতকাল মঙ্গলবার মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় মহানবমী পূজা। সকালে মহানবমী কল্পারম্ভ ও নবমীবিহিত পূজার পর পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যা আরতির আয়োজন করা হয়। শাস্ত্রীয় বিধানমতে, ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবীর কাছে আহুতি দেওয়া হয়। সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও লক্ষ্মীবাজারের বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হয় বর্ণিল আরতি প্রতিযোগিতা।

আজ বিজয়া দশমীতে বিহীত পূজা ও দর্পণ বিসর্জনের মাধ্যমে পূজার শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। সকালে দশমী পূজার পর মণ্ডপে মণ্ডপে ভক্তরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় জানান, দর্পণ বিসর্জনের পর শোভাযাত্রা সহকারে বুড়িগঙ্গা নদীসহ বিভিন্ন জলাশয়ে বিসর্জন দেওয়া হবে প্রতিমা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনামতে, নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার আগেই বিসর্জন সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, বৈশ্বিক শান্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় ঢাক-ঢোল ও শঙ্খধ্বনিতে আবহমান বাংলার প্রতিটি মন্দিরে অশুভ শক্তি তাড়িয়ে বিশ্বকল্যাণ প্রার্থনা করা হয়েছে। এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি এবং ঢাকা মহানগরে ২৫৮টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বিজয়া দশমী উপলক্ষে আজ ও আগামীকাল সরকারি ছুটি থাকবে। পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।