সুন্দরবনে হরিণের মাংস ও কাঁকড়াসহ আটক- ৮

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ সুন্দরবনের হাড়বাড়ীয়া এলাকা থেকে হরিণের মাংস ও কাঁকড়াসহ ৮ বিষদস্যুকে আটক করেছে মোংলা কোস্টগার্ড। আটকদের বনবিভাগের কাছে হস্তান্তর করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবনের হাড়বাড়ীয়ার দিঘির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা, ৪টি পা, ১টি হরিণ ধরার ফাঁদ, জাল, ১৮ কেজি কাঁকড়া, ৫ লিটার বিষ (কীটনাশক) ও ২টি নৌকা জব্দ করেন। এছাড়া ঘটনাস্থল থেকে হরিণ ও কাঁকড়া শিকারের সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করা হয়।

আটকরা হলেন মো. ইয়াসিন, শরিফুল ইসলাম, মোস্তফা শেখ, ইউনুস শেখ, ফারুক মোল্লা, শফিকুল হাওলাদার, রবিউল ও এনামুল শেখ। এদের সবার বাড়ি মোংলার সুন্দরবন সংলগ্ন বৈদ্যমারীর দক্ষিণ হলদিবুনিয়া গ্রামে। বর্তমান সুন্দরবনে প্রবেশের নিষিদ্ধ সময়ে আটকরা অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করেন। জব্দ হরিণের মাংস, কাঁকড়া, বিষ, ফাঁদ, জাল ও নৌকাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে কোস্টগার্ড বনবিভাগের চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করেছে।

পরে ফরেস্ট অফিস থেকে শুক্রবার সকালে আটকদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়।