সুন্দরবনে বাঘের ভয়ে পালানো হরিণ অবমুক্ত

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবন থেকে নদী সাঁতরে লোকালয়ে আসার পথে একটি হরিণ উদ্ধার করে তা অবমুক্ত করেছে বনবিভাগ। শুক্রবার সকালে খোলপেটুয়া নদীতে একটি হরিণকে সাঁতরে পার হতে দেখে স্থানীয়রা। এমন খবরে বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সদস্য ও সিপিজি সদস্যরা সেটি উদ্ধারের চেষ্টা চালান। দীর্ঘ চেষ্টার পর হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম।
তিনি বলেন, বাঘের তাড়া খেয়ে একটি হরিণ খোলপেটুয়া নদী সাঁতরে গাবুরা এলাকার দিকে আসছিলো। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্পিডবোটে চড়ে সেখানে পৌঁছান বনবিভাগের সদস্যরা। ঘন্টাখানেক চেষ্টার পর হরিণটিকে উদ্ধার করতে সমর্থ হন বনবিভাগের সদস্যরা।
স্থানীয়দের বরাত দিয়ে বনবিভাগের এই কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের মানুষখেকো বাঘ প্রায়ই এই এলাকায় হরিণসহ নানা পশুপাখির ওপর আক্রমণ করে। এটিও তারই একটি অংশ। হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সাতক্ষীরা রেঞ্জ সহকারী কর্মকর্তা নুর আলম।