সুন্দরবনের দুবলা থেকে ৫ জেলে আটক

0

 

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা॥ অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৫ জেলেকে আটক করেছেন সুন্দরবনের বনরক্ষীরা। আটক জেলেদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান করা হয়েছে। রোববার বিকেলে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর আওতাধীন ভবানীর খাল এলাকায় অভিযান চালিয়ে এই জেলেদের আটক করা হয়। আটক জেলেদের কাছ থেকে ইঞ্জিন চালিত একটি ট্রলার, বিভিন্ন প্রজাতির ৪ মণ মাছ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।
আটক জেলেরা হলেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. লাল মিয়া (৪৫), খুলনার কয়রা উপজেলার লোকা গ্রামের হাকিম ঢালীর ছেলে আবু হানিফ (৫০), ভান্তারপুল গ্রামের নেছার সরদারের দুই ছেলে সালাম সরদার (৪০) ও করিম সরদার (১৯) এবং কুমারখালী গ্রামের আবু জাফরের ছেলে জাহাঙ্গীর সানা (৪৫)।
দুবলা জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার মজুমদার জানান, বর্তমানে সুন্দরবনে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলছে। এই জেলেরা অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ শিকার করছিলো। বনরক্ষী ও স্মার্ট দলের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।