সুদানে ৩২ বেসামরিক নাগরিক নিহত

0

লোকসমাজ ডেস্ক ।।   সুদানে সেনাবাহিনীর গোলাবর্ষনে কমপক্ষে ৩২ জন বেসামরিক লোক নিহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া এ হামলায় আহত হয়েছে কয়েক ডজন বেসামরিক নাগরিক। দেশটিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কোনও হামলায় একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা আল জাজিরা। অ্যাক্টিভিস্ট গ্রুপ ইমার্জেন্সি লইয়ার্স এ হামলা এবং হতাহতের কথা জানায়। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পশ্চিম ওমদুরমানের ওম্বাদা পাড়ায় স্থানীয় সময় মঙ্গলবার এ গোলাগুলি ও প্রাণহানির ঘটনা ঘটে।

অধিকারকর্মী এবং বাসিন্দারা বলেন, দেশের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়া সুদানি সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) প্রায়শই জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে থাকে। আর এই ধরনের হামলায় রাজধানী খার্তুমসহ অন্যান্য শহরে শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তবে খার্তুম, ওমদুরমান এবং খার্তুমের উত্তরের শহরগুলোর বেশিরভাগ অংশই আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের দখলে থাকলেও সুদানের সেনাবাহিনীর কাছে ভারী কামান এবং শক্তিশালী বিমান বাহিনী রয়েছে।