সিলেটে দুই তরুণীকে ধর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় রক্তদাতা দুই তরুণীকে হোটেলে আটকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আঞ্চলিক বন্ধু ব্লাড গ্রুপের আয়োজনে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রবাসী আবু সাইদের সভাপতিত্বে ও সংগঠনটির অ্যাডমিন আব্দুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রেজওয়ান হোসেন, তমা আক্তার, রাবিয়া মনি, নাজমুল আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় সম্প্রতি (গত ২৩ আগস্ট রাতে) বান্ধবীর ভাইকে রক্ত দিতে গিয়ে রাতভর হোটেল কক্ষে দুই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। নির্যাতিত ওই দু তরুণী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। এ ঘটনায় একটি মামলাও হয়েছে। বক্তারা এ সময় এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।