সাম্প্রদায়িক হামলা ও ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রাম, পটুয়াখালী, মৌলভীবাজারসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও জমি দখলসহ নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। এতে সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেয়।
এসময় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাড. সুবীর কুমার সমাদ্দার, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলী, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস, অধ্যক্ষ সুব্রত কুমারসহ নেতৃবৃন্দ। হিন্দু নেতারা অভিযোগ করেন, সারাদেশে সাম্প্রদায়িক হামলা চলানো হচ্ছে। হিন্দুদের বাড়ঘর, জমিজমা ও সম্পদ দখল করা হচ্ছে। সেই সঙ্গে মন্দির ও প্রতিমা ভাংচুর করা হচ্ছে। এরপরও যদি এমন ঘটনা অব্যাহত থাকে তবে হিন্দু সম্প্রদায় প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। এর সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।