সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে ঢাকার চিঠি

0
রমনায় বিস মিলনায়তনে সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।। ছবি: সংগৃহীত
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে সম্প্রতি ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

আজ সোমবার দুপুরে রাজধানীর রমনায় বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে সম্প্রতি সুনির্দিষ্টভাবে একটি চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া ভারতে যারা পলাতক অবস্থায় আছেন, তাদের প্রত্যেককে ফিরিয়ে আনার জন্য আলাদা আলাদা চিঠি দেওয়া হয়েছে।

সাংবাদিকরা জানতে চান, এর আগে ২০২৫ সালের ২৬ নভেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের আওতায় আনতে একটি চিঠি দেওয়া হয়েছিল এবং আজ ট্রাইব্যুনাল জানিয়েছেন আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে, এটি দ্বিতীয় দফার চিঠি কি না। এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, আসাদুজ্জামান খানের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার সম্পন্ন হয়েছে। তিনি যেহেতু পলাতক আসামি, তাকে ফিরিয়ে আনার জন্য যে চিঠি দেওয়া প্রয়োজন, সেটাই দেওয়া হয়েছে।

সরকার আগেও বারবার বলেছে যে কূটনৈতিক নীতিমালা, প্রটোকল এবং দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে। ঠিক যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্য আসামির বিচার ও সাজা নিশ্চিত করা হবে।

চিঠি পাঠানোর সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, চিঠিটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই এটি দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, যখন যা প্রয়োজন আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সেই উদ্যোগ নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় সব কাজ করা হবে এবং এটি একটি চলমান প্রক্রিয়া। পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের দেশের মাটিতে এনে বিচার ও সাজা কার্যকর করাই বর্তমান সরকারের লক্ষ্য এবং দেশের জনগণও সেটাই প্রত্যাশা করে।

চিঠির বিপরীতে ভারতের প্রতিক্রিয়ার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। ঢাকা এখন দিল্লির জবাবের জন্য অপেক্ষা করবে। বাংলাদেশ অবশ্যই আশা করে যে ভারত এই বিষয়ে ইতিবাচক সাড়া (পজিটিভ রিপ্লাই) দেবে এবং দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। ভারতে পলাতক অন্যান্য আসামিদের বিষয়ে তিনি পুনরুল্লেখ করেন, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন চিঠি পাঠানো হয়েছে এবং আসামিদের ফেরত চাওয়ার এই প্রক্রিয়া চলমান থাকবে।