মনিরামপুরে পঁচা দই বিক্রির দায়ে বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের আপ্যায়নের জন্য কেনা দইয়ে মিলল দুর্গন্ধ ও পচনের আলামত। এ ঘটনায় সোমবার বিকেলে পৌর শহরের বনফুল অ্যান্ড কোং-এর বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্র ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম কবির মনিরামপুর উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তাকে আপ্যায়ন করার জন্য পৌর শহরের বনফুল অ্যান্ড কোং-এর বিক্রয়কেন্দ্র থেকে ৮৪০ টাকা মূল্যে তিন প্যাকেট দই কেনেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান। তবে আপ্যায়নের সময় প্যাকেট খোলা মাত্রই পচা দুর্গন্ধ বের হয়। এতে উপস্থিত কর্মকর্তারা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বনফুলের ওই শোরুমে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, বিক্রয়কেন্দ্রে সরেজমিনে পচা ও দুর্গন্ধযুক্ত দইয়ের সত্যতা পাওয়া গেছে। এছাড়া খাদ্যসামগ্রীর মোড়কে মেয়াদ ও উৎপাদনের তারিখ না থাকা এবং ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবু মুছা হৃদয়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বনফুল অ্যান্ড কোং-এর এই বিক্রয়কেন্দ্রটিতে ইতিপূর্বে নানা অনিয়মের অভিযোগে চার দফায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছিল। সোমবারের অভিযানসহ প্রতিষ্ঠানটিকে মোট পাঁচবার জরিমানা করা হলো।