সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত; উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

0
নীলসাগরের ৯ বগি লাইনের বাইরে; ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্থবির।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের আনন্দযাত্রায় চরম বিষাদ নামিয়ে এনেছে আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’। বুধবার (১৮ মার্চ ২০২৬) দুপুর সোয়া ২টার দিকে বগুড়ার সান্তাহার ও আদমদীঘির মাঝামাঝি এলাকায় মেরামতের জন্য তুলে রাখা রেললাইনে উঠে পড়ে ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। চাঞ্চল্যকর বিষয় হলো, দুর্ঘটনার পরপরই ট্রেনের চালক ও দায়িত্বপ্রাপ্ত স্টাফরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসটি সান্তাহার জংশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর এই বিপর্যয়ের মুখে পড়ে। ওই স্থানে রেললাইনের সংস্কার কাজ চলায় রেলওয়ে কর্তৃপক্ষ লাল পতাকা টানিয়ে রেখেছিল। তবে অভিযোগ উঠেছে, ট্রেনের চালক সেই গুরত্বপূর্ণ সতর্ক সংকেত খেয়াল না করেই সংস্কারাধীন লাইনের ওপর ট্রেনটি চালিয়ে দেন। ফলে বিকট শব্দে ট্রেনের মাঝের ও পেছনের ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে দুমড়েমুড়ড়ে যায়।

দুর্ঘটনায় ট্রেনের ভেতরে থাকা এবং ছাদে ভ্রমণকারী শতাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পরে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ যোগ দেয়। আহতদের স্থানীয় হাসপাতালসহ নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো নিহতের খবর নিশ্চিত হওয়া না গেলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চালক ও স্টাফদের কাউকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বর্তমানে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।