সাতক্ষীরায় সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় সেনাবাহিনীর সদস্যরা অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকা থেকে অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, পিস্তলের ম্যাগজিন একটি, পিস্তলের গুলি ২ রাউন্ড, ছুরি ২টি, কুড়াল ১টি, চাপাতি ৩টি, রাম দা ৪টি এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামর রজব আলী গাজীর ছেলে আব্দুল খালেক (৪৫), প্রতাপনগর গ্রামের বাবর আলী গাজীর ছেলে উজ্জ্বল হোসেন ও কুড়িকাউনিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আনারুল ইসলাম।
সাতক্ষীরাস্থ সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বার্তায় জানানা হয় যে, সেনাবাহিনীর আশাশুনি আর্মি ক্যাম্প কর্তৃক গত ১৫ নভেম্বর জানতে পারে যে, প্রতাপনগর এলাকায় ৩ জন চাদাবাজের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। ওই দিন দুপুরে আশাশুনির আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদ কর্তৃক স্থানীয় রাজনীতিবিদ এবং তাদের অনুসারীদের নিয়ে ক্যাম্পে নিরাপত্তা সম্পর্কিত কনফারেন্স করেন। এসময় সবার সাথে কথা বলা শেষে সন্দেহভাজন উল্লিখিত ৩ জনকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রের কথা অস্বীকার করলে তাদেরকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে প্রেরণ করা হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্রের কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ১৭ নভেম্বর ভোর রাত দেড়টার দিকে লে. কর্নেল আরিফুল হক, ৩৭ বীর এর নেতৃত্বে একটি টহল দল প্রতাপনগরের উদ্যেশ্য বের হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে। পরে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃতদেরকে রোববার বিকেলে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।
সূত্র আরও জানায় গ্রেফতারকৃত আসামি আব্দুল খালেক গাজীর নামে আশাশুনি থানায় ১২ টি, উজ্জ্বল গাজীর নামে ৭ টি ও আনারুলের নামে ৮ টি মামলা রয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।