যশোরের রঘুরামপুরে ৩২ বছরের যুবক খুন — হত্যার কারণ ও আসামি শনাক্তে তদন্তে পুলিশ

0
যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে আবু সাঈদ নামে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকালে পরিত্যক্ত ভবনের পাশ থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে আবু সাঈদ ওরফে চশমা সাঈদ ওরফে ব্যাকা সাঈদ (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে পরিত্যক্ত একটি বিল্ডিংয়ের সামনে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবু সাঈদ রঘুরামপুর পূর্বপাড়া গ্রামের নয়াব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে রঘুরামপুর এলাকার শরিফুলের পরিত্যক্ত বিল্ডিংয়ের সামনে কামরুজ্জামান ওরফে কাম গাজীর পুকুরের উত্তর পাশে একজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে তাঁকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানা যাবে।