যশোরে মাদক বিক্রেতার গলা কাটা মরদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর সদরের রঘুরামপুর গ্রামে মাদক বিক্রেতা হিসেবে কুখ্যাত এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইদ সরদার ওরফে চশমা সাইদ (৩২) সদর উপজেলার রঘুরামপুর গ্রামের গ্রামের নয়া সরদারের ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয় সাইদ সরদার। এরপর আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে বাড়ির কাছাকাছি মাদকের একটি আস্তানার পাশের ঝোপের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সাইদ সরদারের বিরুদ্ধে ১২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রতিবেশীরা জানান, সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পান কয়েক জন। ঝোপের কাছে গিয়ে সাইদের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই একটি চাকু পড়ে থাকতে দেখা যায়। এসময় পুলিশে খবর দেওয়া হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ। একই সঙ্গে ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।