রোটারি ক্লাব অব যশোর রূপান্তরের উদ্যোগে বাবলাতলায় দৃষ্টিনন্দন ছাত্র-ছাওনি উদ্বোধন

0
যশোরের বাবলাতলা হাউজিং গেটে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ছাত্র-ছাওনি নির্মাণ করেছে রোটারি ক্লাব অব যশোর রূপান্তর। আজ আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির শুভ উদ্বোধন করা হয়।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগের অবসান ঘটিয়ে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও নিরাপদ অপেক্ষালয় নিশ্চিত করা হয়েছে। রোটারি ক্লাব অব যশোর রূপান্তরের উদ্যোগে ও অর্থায়নে আজ বুধবার (২৪ জুন, ২০২৬) শহরের বাবলাতলা হাউজিং গেট সংলগ্ন এলাকায় নবনির্মিত একটি দৃষ্টিনন্দন ও আধুনিক ছাত্র-ছাওনি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রকল্পটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হোসেন টুকুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের অ্যাডভাইজার ও যশোর ইনস্টিটিউটের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রোটারিয়ান এ জেড এম সালেক, ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান কাজী আজিজুর রহমান রনি, ক্লাবের সেক্রেটারি নাজমুস সাকিব তপু, মেজর ডোনার শরিফুল আলম বুলু এবং প্রেসিডেন্ট ইলেক্ট বাপ্পি। অনুষ্ঠানে অন্যান্য রোটারি ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ রূপান্তর ক্লাবের সদস্যরা অংশ নেন।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এই ব্যস্ততম মোড়ে রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যে শিক্ষার্থীদের চরম কষ্ট করে যানবাহনের জন্য অপেক্ষা করতে হতো। এই বাস্তব ও মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে রোটারি ক্লাব অব যশোর রূপান্তর একটি নান্দনিক, পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত কাঠামোর ছাত্র-ছাওনি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। ছাউনিটির প্রশস্ত বসার ব্যবস্থা শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীদের স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করার সুযোগ করে দিয়েছে, যা পুরো এলাকার সৌন্দর্যও বহুলাংশে বৃদ্ধি করেছে।

উদ্বোধনকালে রোটারি ক্লাবের নেতৃবৃন্দ জানান, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবেই এই জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আগামীতেও শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে এই ধরনের বিভিন্ন টেকসই ও উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।