সাতক্ষীরায় বেড়িবাঁধ ভাঙন আতংকে উপকূলবাসী

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সাতক্ষীরায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এর সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ দমকা হাওয়া অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকার নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ বেঁড়িবাধ ভাঙন আতংকে রয়েছেন উপকূলবাসী। উপকূলীয় এলাকার সাধারণ মানুষের সচেতন করতে লাল পতাকা ওড়ানোসহ মাইকিং করছে সিপিপি সদস্যরা।
উপকূলীয় জেলা সাতক্ষীরায় প্রায় ৭৮০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ষাটের দশকে নির্মিত এসব বেঁড়িবাধের অধিকাংশ জরাজীর্ণ। এলাকার নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ এসব বেঁড়িবাধ ভাঙন আতংকে রয়েছেন উপকূলবাসী।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিধিলিতে পরিণত হয়েছে। এটি শুক্রবার সন্ধ্যার পর মোংলা, বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সাতক্ষীরা অঞ্চলে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ দমকা হাওয়া অব্যাহত রয়েছে। তবে, বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তিনি আরও জানান,উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি আরও একদিন অব্যাহত থাকবে।