সাতক্ষীরায় চা বিক্রেতার মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরা শহরতলীর বাইপাস সড়ক সংলগ্ন জলাশয় থেকে ইয়াছিন আলি নামে এক চা বিক্রেতার মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদাুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের নুরুজ্জামান জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মাছের ঘেরের দক্ষিণপাশে বাইপাস সড়কের ওপর তাজা রক্ত ও সেখানে পড়ে থাকা একটি জুতা দেখে পথচারীরা ভিড় জমায়। পরে তারা বাইপাস সড়কের পাশে লাগানো নেপিয়ার ঘাসবনের পার্শ্ববর্তী জলাশয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষের গলাকাটা মরদেহ দেখে তাকে খবর দেন।
তিনি ঘটনাস্থলে এসে সদর থানায় খবর দিলে পুলিশ সাড়ে ৮টার দিকে ওই মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুবৃত্তরা তাকে অন্য স্থান থেকে ধরে এনে বাইপাস সড়কের ওপর গলাকেটে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুরে এক নারী এসে ওই মরদেহ তার স্বামী ইয়াছিনের বলে জানান। পুলিশ ওই নারীকে জিজ্ঞাসাবাদ করছে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক লোকমান হোসেন জানান, গলাকাটা মরদেহটি শহরের সুলতানপুরের চা ব্যবসায়ী ইয়াছিন আলীর। পুরাতন সাতক্ষীরায় তার চায়ের দোকান আছে। তবে তার মাথা পাওয়া যায়নি। স্থানীয় বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বুধবার ভোরের কোনো এক সময়ে তাকে গলা কেটে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।