সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এক যুবক (২৭)। তিনি কালিগঞ্জ উপজেলার কামারগাতী গ্রামের বাসিন্দা। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।এ ঘটনায় ওই এলাকায় ৬টি বাড়ি ও স্থানীয় রওজা শরীফ লকডাউন করেছে উপজেলা প্রশাসন। কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকাত হোসেন ও স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুর রব জানান, মৃত যুবক ঢাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে সেলসম্যান হিসাবে কর্মরত ছিলেন। সেই মালিক করোনা আলামত নিয়ে মারা যাওয়ায় তার প্রতিবেশি আরও ৫ জন ২০ এপ্রিল সন্ধ্যায় অ্যাম্বুলেন্স যোগে বাড়িতে ফেরেন। এই যুবকও গত ৫ দিন আগে ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ি আসেন। তার জ্বর কাশি দেখে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে শুক্রবার (২৪ এপ্রিল) গ্রাম্য চিকিৎসকের পরামর্শে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৫ এপ্রিল) সকালে মৃত্যু হয় তার। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওই যুবকের কাছে বারবার তার সাম্প্রতিক ইতিহাস জানার চেষ্টা করলেও সে ও তার আত্মীয় স্বজন মিথ্যা বলেছে। পরে মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা বলছে সে সম্প্রতি ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে। তথ্য গোপন করা শাস্তিযোগ্য অপরাধ। তাকে আমরা করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে পারতাম। বিষয়টি নিয়ে চিকিৎসক নার্সদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তার নিকটাত্মীয়দের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে।’ কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেল জানান, যুবকের মৃত্যুর পর কামারগাতী এলাকায় ৬ টি বাড়ি ও রওজাশরীফ লকডাউন করা হয়েছে। সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ হতে লাল পতাকা ও ব্যানার টানিয়ে দেয়া হয়েছে। তার পরিবারের সকলের স্যাম্পল নিয়ে পরীক্ষা করার জন্য বলা হয়েছে।