সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারী আলফা ফেন্সিডিলসহ আটক

0

 

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারী আল ফেরদৌস আলফাকে ৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ভোররাতে শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানবপাচার ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক আল ফেরদৌস আলফা (৫০) দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। জানা যায়, কুলি থেকে কোটিপতি বনে যাওয়া শীর্ষ চোরাকারবারী আলফা দীর্ঘ দিন ধরে বীরদর্পে চোরাচালান ব্যবসা চালিয়ে যান। রয়েছে তার বিশাল চোরাকারবারী সিন্ডিকেট। বিগত ওয়ান ইলেভেনের সময় যৌথবাহিনীর হাতে আলফা মাদকসহ গ্রেফতার হন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলায় তার সাত বছর সাজাও হয়। এরপর গিত ২০১৯ সালের ডিসেম্বরে চোরাচালান মামলায় আলফা ও তার সহোদর আব্দুল আলীমকে গ্রেফতার করে জেলে পাঠায় পুলিশ। তার বিরুদ্ধে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মানবপাচারের মামলাও রয়েছে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বাবলুর রহমান জানান, আলফা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত জানান, আলফার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলা রয়েছে।