সাংবাদিক শাহাবুদ্দিন আলম আর নেই

0

স্টাফ রিপোর্টার ॥ প্রেস ক্লাব যশোরের সদস্য, দৈনিক সত্যপাঠের নির্বাহী সম্পাদক ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য শাহাবুদ্দিন আলম হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে ইন্তিকাল করেছেন,(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বিকেল ৫ টা ২০ মিনিটে তিনি মারা যান। এর আগে তার বুকে ব্যথা অনুভব করলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে তার মরদেহ পোস্ট অফিস পাড়ার কাজী ভিলায় আনা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও অস্ট্রিয়ায় বসবাসকারী একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সদা হাস্যমুখ সবার প্রিয় ‘আলম ভাই’ বিভিন্ন সময়ে প্রেস ক্লাব যশোরের নির্বাচিত নেতা ছিলেন। তিনি বিএফইউজে, যশোর সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।

এদিকে প্রেস ক্লাব যশোরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত সদস্য শাহাবুদ্দিন আলমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় প্রেস ক্লাব চত্বরে নেওয়া হবে। এরপর বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোড়ের দাদা ভাই জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। কারবালা কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ দিকে সাংবাদিক শাহাবুদ্দিন আলমের মৃত্যুতে প্রেস ক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন(জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, লোকসমাজ পরিবার, সাংবাদিক ইউনিয়ন যশোরের লোকসমাজ ইউনিট শোক প্রকাশ করেছে।