সাংবাদিকদের আর্থিক সুরক্ষার বিষয়টি তাদের কর্মস্থল থেকে হতে হবে : মুহা. আব্দুল্লাহ

0

যশোরে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষার বিষয়টি তাদের কর্মস্থল থেকে হতে হবে। আর সাংবাদিকদের নানারকম ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সহায়তা করবে রাষ্ট্র। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেই লক্ষ্যে কাজ করছে।
গতকাল বৃহস্পতিবার যশোর সার্কিট হাউজে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কল্যাণ ট্রাস্টের ফান্ড অপব্যবহারের সমালোচনা করে সাংবাদিক নেতা আবদুল্লাহ বলেন, পতিত স্বৈরাচার হাসিনা সরকার শেষ মুহূর্তে কল্যাণ ফান্ড শূন্য করে দিয়ে গেছে। কোনরকম বাছবিচার ছাড়াই ট্রাস্টের ৫০ কোটি টাকা বিলিয়ে দিয়েছে। এসব টাকার বেশিরভাগই প্রকৃত সাংবাদিকরা পাননি। পেশাদার সাংবাদিকরাই যাতে কল্যাণ ফান্ডের সুফল পেতে পারে সেই লক্ষ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করছে। সাংবাদিকদের কল্যাণে নতুন করে ফান্ড তৈরিতে সহায়তা করছে বর্তমান সরকার। সারাদেশে কর্মরত সত্তোরোর্ধ্ব প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনতে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।
প্রতিবেশী একটি রাষ্ট্রের তথাকথিত গণমাধ্যমের প্রতি ইঙ্গিত করে আবদুল্লাহ বলেন, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। গণমাধ্যমের রূপ ধরে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে সর্বস্তরে সেই আওয়াজ পৌঁছে দিতে হবে। দেশ নিয়ে যে অপপ্রচার, মিথ্যা প্রচারণা ও অপবাদ ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়াই করব, সঠিক জবাব দেবো। দেশের পক্ষে, মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ও ভোটাধিকারের পক্ষে আমাদের সকলের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, যশোরের সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক বেনজীন খান, প্রেসক্লাব যশোরের সাবেক সহ সভাপতি নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, বিএফইউজের সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।
সভা শেষে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৩০ জন সাংবাদিকের হাতে কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়।