সরকারের দুর্নীতি লুটপাটের কারণেই বিদ্যুৎ পানিসহ নিত্য পণ্যের দাম বাড়ছে : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাটের কারণে অব্যাহতভাবে বিদ্যুৎ, পানিসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সরকার জনগণের অর্থ লোপাট করছে তার খেসারত জনগণকেই দিতে হচ্ছে। এই হচ্ছে দেশের চরম বাস্তবতা। গতকাল সোমবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানসমূহ দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে। সরকার দলীয়রা জনগণের টাকা লোপাট করে বিদেশে পাচার করছে। সেই টাকায় তৈরি হচ্ছে বেগমপাড়া। কেউবা সেকেন্ড হোম বানাচ্ছে। ফকির হয়ে যাচ্ছে জনগণ, আর পকেট ভর্তি হচ্ছে লুটত্বরাজকারীদের। তারপরও সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত উন্নয়নের রেকর্ড বাড়ানো হচ্ছে। বাস্তবে দেশের কোন উন্নয়ন হচ্ছে না। মেগা প্রকল্পের নামে সেবা দুর্নীতি হচ্ছে। লুটপাটের ধান্ধায় সরকার এক একটি প্রকল্প অনুমোদন দিয়ে সেই প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। গোটা দেশটায়ই সরকার লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। জনগণের প্রতি এই সরকারের ন্যূনতম দায়বদ্ধতা নেই। যে কারণে জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করছে। সরকারের এই লুটপাটের ফলে অব্যাহতভাবে বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের নাভিঃশ্বাস উঠছে। তিনি বলেন, দেশে এভাবে দুর্নীতি, লুটপাট চলতে থাকলে অচিরেই দুর্ভিক্ষ দেখা দেবে। আজ কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। সেখানে মধ্যস্বত্বভোগীরা মুনাফা লুটে নিচ্ছে। শ্রমিক বকেয়া মজুরির দাবিতে বিভিন্ন সময় অনশন ধর্মঘট পালন করছে। এ অবস্থার মধ্য দিয়ে একটি দেশ চলতে পারে না। এ থেকে পরিত্রাণের একমাত্র পথ হলো একটি যুগপথ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আর বাংলাদেশে একমাত্র জনগণের প্রতিনিধিত্বকারী নেত্রী হলেন বেগম খালেদা জিয়া। যিনি জনগণের ভোট নিয়ে ক্ষমতায় দেশ ও জনগণের বাঁচানোর জন্যে বেগম খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নেই।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, কোতয়ালি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর নূর ইমাম প্রমুখ। জেলা বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড, হাজী আনিছুর রহমান মুকুল।