“সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে “

0

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, সেনাবাহিনীর পক্ষ থেকে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এই পরিস্থিতি মোকাবেলায় সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে যশোর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ২৮ এপ্রিল (মঙ্গলবার) সেনাসদস্যদের নিজেদের সঞ্চয়কৃত রেশনের অংশ থেকে চাউল, ডাল, তৈল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে সেনাবাহিনীর সদস্যগণ এই সাহায্য বিতরণ করেন। তারা নিশ্চিত করছেন যে, প্রান্তিক অথবা যে কোন রকম সাহায্য প্রাপ্তির তালিকায় অন্তর্ভুক্তি হয়নি এমন কেউ যেন বাদ না যায়। এলাকায় পেট্রোলকালীন তারা এই সব মানুষকে চিহ্নিত করে পরবর্তীতে রাতের আঁধারে তাদের বাড়ীতে এই খাবার পৌঁছে দিচ্ছেন। এছাড়াও করোনা সংক্রমন বিস্তার ঠেঁকাতে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা প্রতিনিয়ত সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি, মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং লিফলেট বিতরণ করছেন। এছাড়া অসহায় ও হত দরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা এবং ঔষুধ বিতরণ করছেন। তাছাড়া বিনা প্রয়োজনে মানুষ যাতে যত্রতত্র ঘোরাফেরা না করতে পারে সেদিকে নজরদারি বৃদ্ধি, নিয়মিত বাজার মনিটারিং করার কাজে বেসামরিক প্রশাসনকে যথাসাধ্য সহযোগিতার পাশাপাশি প্রত্যন্ত গ্রাম-অঞ্চলের অসহায় কৃষকদের ক্ষেত থেকে সবজি ক্রয় করে চাষীদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। “সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে ” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে জাতীয় সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সদা সর্বত্র সহায়তা প্রদান করে আসছে। ‍অদূর ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।