সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে: তারেক রহমান

0
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোররাতে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাষ্ট্র পুনর্গঠন ও মেরামতের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর চারটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। সিলেট থেকে শুরু হওয়া তাঁর প্রথম পর্যায়ের নির্বাচনী সফরের শেষ সমাবেশ ছিল এটি।

জনসভায় তারেক রহমান বলেন, “বাংলাদেশ মুসলমান, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ—সবার। হাজার বছর ধরে আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছি, ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে হবে।” দেশের মানুষ একটি নিরাপদ রাষ্ট্র চায় উল্লেখ করে তিনি ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আনার আহ্বান জানান।

ভোটের মাঠে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, একটি গোষ্ঠী নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি ও ফোন নম্বর সংগ্রহ করছে এবং প্রবাসীদের ব্যালট দখল করে নিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, “বিগত ১৫ বছরের নিশিরাতের ভোট ডাকাতদের সঙ্গে এদের পার্থক্য কোথায়? একজন ডাকাতি করেছে, আরেকজন ষড়যন্ত্র করছে—উভয়ই এক।”

বিএনপি ক্ষমতায় এলে নতুন শিল্পায়ন, যুবকদের দক্ষতা উন্নয়ন এবং বিদেশগামীদের উচ্চ আয়ের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও দরিদ্রদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য সার-বীজ-বীমাসহ ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা দেন। জলাবদ্ধতা নিরসনে শহীদ জিয়ার ‘খাল খনন’ কর্মসূচি পুনরায় চালুর কথাও উল্লেখ করেন তিনি। জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের বিভিন্ন আসনের দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন।