সন্ত্রাসী টাবলেট সোহেল অপহরণ-গুমের ঘটনায় স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজ হওয়ার দুই বছর পর যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুরনবী সোহেল ওরফে ট্যাবলেট সোহেলকে অপহরণ ও গুমের অভিযোগে বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। স্ত্রীসহ ৪ জনকে আসামি করে মামলাটি করেছেন নিখোঁজ ট্যাবলেট সোহেলের মা আয়শা বেগম। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে অপহৃত সোহেলকে উদ্ধারপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন-ট্যাবলেট সোহেলের স্ত্রী অভয়নগরের মাগুরা গ্রামের হাচান মোল্যার মেয়ে রোমেচা বেগম, একই গ্রামের মৃত ইসমাইল মোল্যার ছেলে ইরশাদ মোল্যা, আনছার মোল্যার ছেলে আকরাম মোল্যা ও মৃত আব্দুস সাত্তার মোল্যার ছেলে হাফেজ মোল্যা।
মামলার বিবরণে জানা গেছে, আসামি রোমেচা বেগম ট্যাবলেট সোহেলের স্ত্রী। রোমেচার সাথে ইরশাদ মোল্যার প্রেমের সম্পর্ক আছে এমন কথা প্রচার রয়েছে। ২০২০ সালের ৭ জুন সোহেল তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান। রোমেচা তার পিতার বাড়ি গিয়ে স্বামীর সাথে ঝগড়া বাধান। এরপর গভীর রাতে রোমেচা যশোরে শাশুড়িকে ফোন করে জানান, সাদা পোশাকের একদল লোক সোহেলকে তুলে নিয়ে গেছে। রোমেচার কথা বিশ্বাস করে এতোদিন ধরে খোঁজাখুঁজি করে সোহেলকে উদ্ধারে ব্যর্থ হন তার মা আয়শা বেগম। সম্প্রতি রোমেচার সাথে এরশাদ মোল্যার প্রেমের বিষয়টি প্রকাশ্য হয়ে গেছে। বাদী আয়শা বেগমের ধারণা, স্ত্রীর পরকীয়ার বিষয়টি জেনে ফেলায় আসামিরা পরিকল্পিতভাবে সোহেলকে অপহরণের পর গুম করে রেখেছেন।